মামুন হোসেন খান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
অদ্য ২৮-১০-২০২৬ খ্রিঃ তারিখে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ এর শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ, আত্মহত্যা, যৌতুক, ইভটিজিং, সাইবার সুরক্ষা, ট্রাফিক আইন ও অন্যান্য বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর মডেল থানা ও ট্রাফিক পুলিশ কর্তৃক একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়।
পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, " আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। মাদক সকল অপরাধের মূল। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলেই একটি সম্ভাবণাময় ভবিষ্যৎ জাতি গঠন সম্ভব। তাছাড়া বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ এবং শিশুর সুন্দর ভবিষ্যৎ ধ্বংসের কারণ। ১৮ বছরের নিচে মেয়ে এবং ২১ বছরের নিচে ছেলের বিবাহ আইনত নিষিদ্ধ। বাল্যবিবাহের ফলে শিক্ষা ব্যাহত হয়, স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং পারিবারিক কলহ সৃষ্টি হয়।" এ বিষয়ে সচেতন থাকতে এবং এমন ঘটনা দেখলে ৯৯৯ বা নিকটস্থ থানায় জানাতে শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়।
তিনি আরও বলেন, "জীবন অমূল্য, কোনো সমস্যাই জীবনের চেয়ে বড় নয়, বেঁচে থাকার নামই জীবন। পরীক্ষায় খারাপ ফল, পারিবারিক চাপ, ইভটিজিং বা মানসিক কষ্ট থেকে আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। মন খারাপ বা হতাশা লাগলে পরিবার, শিক্ষক, বন্ধু অথবা পুলিশের সাথে কথা বলতে হবে। মনে রাখতে হবে, আত্মহত্যা কোনো সমাধান নয়।"কর্মশালায় সাইবার সুরক্ষা বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা ও ডিজিটাল প্রতারণা থেকে রক্ষার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়া ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ, ট্রাফিক সিগন্যাল ইত্যাদির ব্যবহার এবং সড়কে চলাচলের আইনানুগ বাধ্যবাধকতার মাধ্যমে আমরা নিজেরা নিরাপদ থাকব এবং অন্যকেও নিরাপদ রাখব বলে আলোচনা করা হয়।
কর্মশালায় শিক্ষার্থীদেরকে "সততা স্টোর" সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই ধারণার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ জীবনে সৎ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। এছাড়াও কর্মশালায় মাদক, ধূমপান, যৌতুক, ইভটিজিং ও ব্যাড টাচ, প্রতারণা, সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীরাও বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের জিজ্ঞাসা তুলে ধরে। পরবর্তীতে কুইজ টেস্টের মাধ্যমে সঠিক উত্তরদাতা শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। উক্ত কর্মশালায় এএসপি (প্রবিঃ), অফিসার ইনচার্জ সদর মডেল থানা, ট্রাফিক ইন্সপেক্টর, ট্রাফিক পুলিশ এবং নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আইন মেনে চলবো, নিরাপদ জীবন গড়বো - সচেতন নাগরিক হবো।"
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন