মোঃ মুক্তাদির হোসেনস্টাফ রিপোর্টার
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার অর্থায়নে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কালীগঞ্জ পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দুইটি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত মোট ৬০ জন যুবক-যুবতীর প্রত্যেককে যাতায়াত ভাতা হিসেবে নগদ ৩ হাজার টাকা এবং প্রশিক্ষণ সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে ভাতা ও সনদপত্র তুলে দেন কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মন্নুর আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা দুলাল মোড়ল, টিকাদান সুপারভাইজার মোশারফ হোসেন, উচ্চমান সহকারী রিয়াদ হাসান, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে এক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে ৩০ জন যুবক-যুবতী কম্পিউটার প্রশিক্ষণ এবং আরও ৩০ জন ড্রাইভিং প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর তাদের প্রত্যেককে যাতায়াত ভাতা হিসেবে ৩ হাজার টাকা এবং প্রশিক্ষণ সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণ যুবসমাজকে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।