নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি ট্রাক ও এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম মোঃ সবুজ (৩০)। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ঝাড়পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিহানগর বিওপির একটি টহলদল জানতে পারে, সীমান্ত এলাকা থেকে এক মাদক পাচারকারী ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে রাণীশংকৈল হয়ে ঠাকুরগাঁও সদরের দিকে আসছে।
এ তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল সম্ভাব্য এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন ট্রাকটির গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। একপর্যায়ে ট্রাকটিকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে বিজিবির সদস্যরা ধাওয়া করে ঝাড়পাড়া এলাকা থেকে ট্রাকটি আটক করেন।
এ সময় ট্রাক থেকে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক সবুজ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাসিন্দা। তার পিতার নাম মোঃ সহিবর রহমান। উদ্ধার করা ইয়াবা, ট্রাক ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে। বিজিবির তথ্যমতে, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য জব্দ মালামালের আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৭৭ হাজার টাকা। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালান দেশের যুবসমাজের ভবিষ্যৎ ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।
মাদকের বিস্তার রোধ এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন