শাহীন সুলতানাকুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি মালবাহী ট্রাক উল্টে হাইওয়ে পুলিশের একটি পিকআপের ওপর পড়ে ডিউটিরত এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য।
সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম পারভেজ মিয়া (৩৫)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা এবং ভৈরব হাইওয়ে থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। আহত পুলিশ সদস্যের নাম জাকির মিয়া। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জগামী কুড়া-ভূসি বোঝাই একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-০৮৪৬) দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যানবাহনকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভৈরব হাইওয়ে থানার একটি পিকআপ (ঢাকা মেট্রো-ঠ ১২-৪৯)-এর ওপর উল্টে পড়ে।
দুর্ঘটনায় পিকআপের ভেতরে দায়িত্ব পালনরত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় আহত হন অপর পুলিশ সদস্য জাকির মিয়া।
খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ভৈরব ফায়ার সার্ভিস, কুলিয়ারচর থানা পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে নিহত কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইলিয়াস ভূঁইয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ভৈরব ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। পরে ট্রাকের মালামাল সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ডিউটিরত অবস্থায় পুলিশ কনস্টেবল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের স্বজনরা এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও হাইওয়ে পুলিশের পিকআপ জব্দ করে থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।