সিংড়া (নাটোর) প্রতিনিধি: আশরাফুল সরদার
নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সিংড়া পৌরসভার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। সভায় দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, এ বছর সিংড়া উপজেলায় ৯৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হবে। প্রতিটি মণ্ডপে চারজন পুরুষ ও দুজন নারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুলিশি উপস্থিতি ও টহলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দুর্গোৎসব নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পূজার দিনগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং মাদকের ব্যবহার ও বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সিংড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শামীম হোসেন, আনসার-ভিডিপির প্রতিনিধি, সিংড়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারসহ উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যক্ষ শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য বজলার রহমান বাচ্চু ও রফিকুল ইসলাম বুলেট, পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাখা, পৌর বিএনপির সদস্য ও সাবেক কমিশনার মইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব উৎপল কুমার উপস্থিত ছিলেন। সভায় ছাত্রদলের নেতারা দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের পাশে থাকার আশ্বাস দেন।
সিংড়া উপজেলা শারদীয় দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি চাঁন মহন সরদার ও সাধারণ সম্পাদক তাপস সরকার সভায় উপস্থিত ছিলেন। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজিদ ইসলাম জয়, সংবাদকর্মী ফয়সাল আহমেদ জনি ও মামুন আলী সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন