সিলেট জেলা প্রতিনিধি: আব্দুল হামিদ রানা
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন বিশ্বনাথ, গ্রীন বিশ্বনাথ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। ‘আমার শহর, আমার দায়িত্ব’—এই স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্ন ও সবুজ বিশ্বনাথ গড়ার প্রত্যয়ে সংগঠনটি কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিদর্শনকালে সংগঠনটির কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি অপ্রয়োজনীয় ঝোপঝাড় পরিষ্কারের মাধ্যমে সংগঠনটির কার্যক্রমের শুভ সূচনা করেন। পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে স্বেচ্ছাসেবীদের এমন উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
সংগঠনটির উদ্যোক্তা মো. আজাদ আলীর নেতৃত্বে স্থানীয় পর্যায়ে ময়লা-আবর্জনা পরিষ্কার, রাস্তার পাশের ঝোপঝাড় অপসারণ, পৌর এলাকার বাসিন্দাদের নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং বাসিয়া নদীতে ময়লা-আবর্জনা না ফেলার জন্য জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ ও যত্রতত্র ঝোপঝাড়ের কারণে ডেঙ্গু মশার উপদ্রব বাড়তে পারে। পচা ময়লা-আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ দূষিত হয় এবং বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। এসব সমস্যা থেকে রক্ষা পেতে বাড়ির আঙিনা, রাস্তাঘাট ও আশপাশের পরিবেশ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে সবার সচেতনতা জরুরি। স্বেচ্ছায় ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কার করে সবুজ বিশ্বনাথ গড়ার উদ্যোগ একটি মহৎ কাজ। যারা এ উদ্যোগ গ্রহণ করেছেন, তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
প্রশাসনিক বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময় বিশ্বনাথ উপজেলায় প্রশাসনিক বিভিন্ন দপ্তর পরিদর্শনে আসেন সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমসহ অন্যান্য কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করেন।
পরে উপজেলা সম্মেলনকক্ষে বিভিন্ন প্রশাসনিক দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। সভায় শিক্ষকসংকট, স্বাস্থ্যসেবার নানা সমস্যা, কৃষি এবং ভূমিসেবা-সংক্রান্ত জটিলতার বিষয়গুলো তুলে ধরা হয়। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে জেলা প্রশাসক আশ্বাস দেন। মতবিনিময় সভা শেষে তিনি উপজেলা কৃষি দপ্তর ও ভূমি অফিস পরিদর্শন করেন। এ ছাড়া উপজেলা অডিটোরিয়াম হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি।
পরিদর্শনকালে অসচ্ছল ও দুস্থ ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদান, সেলাই মেশিন বিতরণ, গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে সাইকেল ও মোবাইল ফোন এবং শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। বাসিয়া নদী দখল ও দূষণ বন্ধে উদ্যোগের নির্দেশ
বিশ্বনাথে জেলা প্রশাসকের প্রথম সফরের বিশেষ কোনো কারণ রয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল মামুন বলেন, এটি নিয়মিত প্রশাসনিক পরিদর্শনের অংশ; বিশেষ কোনো কারণ নেই। উপজেলার প্রশাসনিক সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, প্রশাসনিক বিভিন্ন সমস্যা ও সংকট রয়েছে। সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। এদিকে বাসিয়া নদীর তীর দখল এবং নদীতে বর্জ্য ফেলে ভরাট করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জানান, বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জানেন। এ সময় নদীর তীর দখলকারীদের তালিকা তৈরি করে তাঁর কাছে জমা দেওয়ার জন্য ইউএনও জাহিদ বিন কাশেমকে নির্দেশ দেন তিনি।
পাশাপাশি বাসিয়া নদীতে বর্জ্য না ফেলার জন্য পৌর শহরের বাসিন্দাদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। উপস্থিত ছিলেন যারা ক্লিন বিশ্বনাথ, গ্রীন বিশ্বনাথ’ সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উদ্যোক্তা মো. আজাদ আলী, স্বেচ্ছাসেবক মুফতি আব্দুল মুক্তাদির, আবু রায়হান, আল আমিন, এস এ সাজু, ফেরদৌস হাসান নাঈম, আলী আকবর এমরান, শাহেদ আমিন, আহাদ আলী, সাইফুল ইসলাম, ফাহিম আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া উপজেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন