মামুন হোসেন খান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চুরি মামলার তদন্তে লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুরি যাওয়া স্বর্ণালংকার নিজের হেফাজতে রাখার অভিযোগে এক জুয়েলার্স মালিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় গোমস্তাপুর থানার মামলা নং-০৫, তারিখ ৭ জুন ২০২৬, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডের তদন্ত কার্যক্রম চলমান ছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মেসবাহুল হক সন্দিগ্ধ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানোর সময় জানতে পারেন, মামলার সন্দিগ্ধ আসামি মোঃ আরিফুল ইসলাম ভটা (৩৪) ও সাকিব (২৭) বর্তমানে জেলহাজতে আটক রয়েছেন। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার, গোমস্তাপুর সার্কেল হাসান তারেকের নেতৃত্বে গোমস্তাপুর থানা পুলিশ গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০টা ৩০ মিনিটে চৌডালা বাজারস্থ শাহ জুয়েলার্সে অভিযান পরিচালনা করে।
অভিযানে জুয়েলার্সের মালিক শ্রী উজ্জ্বল কুমার সাহা (৩৬), পিতা/ঠিকানা—ফুটবল মাঠ, চৌডালা, গোমস্তাপুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি যাওয়া ৪টি নকশাবালা, ২টি বেঙ্গল বালা ও ২টি চুরিবালা, সর্বমোট ১৫ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন