নয়ন হোসেনঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমীন মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে সামনে এলো। মির্জা ফয়সাল আমীন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। তিনি বিএনপির মহাসচিব থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এই শূন্য আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এর আগে ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনও মনোনয়নপত্র জমা দেন। ফলে এ আসনের উপনির্বাচনে দুই রাজনৈতিক পক্ষের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এসব আনুষ্ঠানিকতা শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ঠাকুরগাঁও সদর উপজেলার পাশাপাশি নবগঠিত রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত এ সংসদীয় আসনে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এদিকে উপনির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কার্যালয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনায় আইন, বিধিমালা ও নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হবে। তিনি আরও বলেন, ভোটাররা যাতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোট দিতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বা অনিয়মের কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন