মোছা. পারভীন আক্তার,
জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ করে ধর্ষণের মামলায় আল-আমীন (৩৮) ও সাইদুর রহমান (৪১) নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আল-আমীনকে ৩ লাখ টাকা এবং সাইদুর রহমানকে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের অর্থ ভুক্তভোগী নারীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আল-আমীন জামালপুর পৌরসভার বানিয়া বাজার এলাকার আব্দুল আজিজের ছেলে এবং সাইদুর রহমান বারুয়ামারী এলাকার আশরাফ আলীর ছেলে। মামলার এজাহার ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হকের বক্তব্য অনুযায়ী, ভুক্তভোগী নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আল-আমীন। তবে ওই নারীর বাবা তার প্রস্তাবে রাজি না হয়ে অন্যত্র মেয়ের বিয়ে দেন। পরবর্তীতে ওই নারীর সংসারে একটি কন্যাসন্তান জন্ম নেয়।
অন্যত্র বিয়ে দেওয়ায় আল-আমীনের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তিনি বিভিন্নভাবে ওই নারীর সংসার ভাঙার চেষ্টা করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। ২০১৩ সালের ২৩ নভেম্বর ওই নারী সন্তানসহ বাবার বাড়িতে বেড়াতে আসেন। ওই দিন সকালে আল-আমীন তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। এ কাজে সাইদুর রহমান সহযোগিতা করেন বলেও মামলায় উল্লেখ করা হয়। ঘটনার পাঁচ দিন পর, ২০১৩ সালের ২৮ নভেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন