মনির হোসেনবেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলে ফেনসিডিল রাখার দায়ে দায়ের করা এক মামলায় পারভীনা নামে এক নারী মাদক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) যশোরের বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত পারভীনা বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মজিদ মোল্যার স্ত্রী। রায় ঘোষণার সময় তিনি জামিনে থেকে পলাতক ছিলেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পারভীনার বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সৈয়দ নূর মোহাম্মদ পারভীনাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
মামলায় সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পারভীনাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।