আশরাফুল সরদার,
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আরিফুল ইসলাম আরিফকে নিয়ে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের (SSPC) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন মো. আরিফুল ইসলাম আরিফ। এ সময় তিনি রামানন্দ খাজুরা ইউনিয়নের উন্নয়ন, সুশাসন, নাগরিক সেবা ও জনসম্পৃক্ততা নিয়ে তাঁর পরিকল্পনা ও ভাবনা তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তাঁরা সম্ভাব্য প্রার্থীর বক্তব্য, উন্নয়ন পরিকল্পনা ও ইউনিয়নের ভবিষ্যৎ নিয়ে তাঁর ভাবনা শোনেন। অনুষ্ঠানে জানানো হয়, মো. আরিফুল ইসলাম আরিফ বিভিন্ন সময়ে বিএনপির সাংগঠনিক বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক যুব আহ্বায়ক, সাবেক নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা, সাবেক উপজেলা বিএনপির সদস্য এবং সাবেক কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানটি সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ‘সিংড়া নিউজ’ ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এতে সম্ভাব্য প্রার্থীর বক্তব্যের পাশাপাশি ইউনিয়নের সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশার বিষয়টিও গুরুত্ব পায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেন। উপস্থাপনা করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল সরদার এবং সাংবাদিক ফয়সাল আহমেদ জনি, আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। আয়োজকরা জানান, ‘আলাপন নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠানের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের জনগণের মুখোমুখি করার পাশাপাশি তাঁদের উন্নয়ন পরিকল্পনা, ভবিষ্যৎ ভাবনা, অঙ্গীকার ও জনসম্পৃক্ততার বিষয়গুলো তুলে ধরা হবে। পর্যায়ক্রমে সিংড়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ধরনের আয়োজন করা হবে।
সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেন বলেন, এ আয়োজনের মাধ্যমে সম্ভাব্য জনপ্রতিনিধি প্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি প্রার্থীদের পরিকল্পনা ও বক্তব্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। আয়োজকরা আরও জানান, কোনো প্রার্থীকে বিশেষভাবে প্রচার না করে সমান সুযোগ ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করা হবে। সত্যের পথে সাংবাদিকতার শক্তি, এই স্লোগানকে সামনে রেখে জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নির্বাচনী পরিবেশে জনগণের মতামত ও সম্ভাব্য প্রার্থীদের বক্তব্য তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন