চাঁপাইনবাবগঞ্জ,
চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, আত্মহত্যা, সাইবার সুরক্ষা, ট্রাফিক আইন, মাদক ও অন্যান্য সামাজিক বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা সদর মডেল থানা ও ট্রাফিক পুলিশের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ এবং এটি একটি শিশুর সুন্দর ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। ১৮ বছরের নিচে মেয়েদের এবং ২১ বছরের নিচে ছেলেদের বিয়ে আইনত নিষিদ্ধ। বাল্যবিবাহের কারণে শিক্ষাজীবন ব্যাহত হয়, স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং পারিবারিক নানা সমস্যার সৃষ্টি হতে পারে।”
তিনি আরও বলেন, কোনো এলাকায় বাল্যবিবাহের ঘটনা ঘটলে দ্রুত ৯৯৯ অথবা নিকটস্থ থানায় খবর দিতে হবে।
আত্মহত্যা প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, “জীবন অমূল্য। কোনো সমস্যাই জীবনের চেয়ে বড় নয়। পরীক্ষায় খারাপ ফল, পারিবারিক চাপ, ইভটিজিং কিংবা মানসিক কষ্ট থেকে আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। মন খারাপ বা হতাশা অনুভব করলে পরিবার, শিক্ষক, বন্ধু অথবা পুলিশের সঙ্গে কথা বলতে হবে। মনে রাখতে হবে, আত্মহত্যা কোনো সমাধান নয়।”
কর্মশালায় বর্তমান সময়ে সাইবার সুরক্ষার গুরুত্ব তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, অনলাইন প্রতারণা থেকে নিজেকে নিরাপদ রাখা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিভিন্ন কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়। জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও ট্রাফিক সিগন্যাল ব্যবহারের পাশাপাশি সড়কে চলাচলের সময় আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।
এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে ‘সততা স্টোর’ সম্পর্কে ধারণা দেওয়া হয়। ভবিষ্যতে শিক্ষার্থীদের সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।
কর্মশালায় মাদক, ধূমপান, যৌতুক, ইভটিজিং, ব্যাড টাচ, প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের মতামত ও জিজ্ঞাসা তুলে ধরে। পরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সঠিক উত্তরদাতা শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কর্মশালায় এএসপি (প্রবিঃ), সদর মডেল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, ট্রাফিক পুলিশের সদস্য, চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন