মামুন হোসেন খানচাঁপাইনবাবগঞ্জে
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামের (পুরাতন) মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ও কমিউনিটি পুলিশিং ফোরাম জেলা সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. ইব্রাহিম হোসেন, প্রয়াস (মানবিক উন্নয়ন সোসাইটি)-এর নির্বাহী পরিচালক ও কমিউনিটি পুলিশিং ফোরাম জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব মো. হাসিব হোসেন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও কমিউনিটি পুলিশিং ফোরাম জেলা সমন্বয় কমিটির সদস্য ড. বিপ্লব কুমার মজুমদার।
এছাড়াও অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল), বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এই চেতনাকে সামনে রেখে পুলিশ ও জনগণের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলামুখী করার লক্ষ্যেই জেলা পুলিশের উদ্যোগে এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী দিনের খেলায় খেলোয়াড়দের প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। এতে প্রমাণিত হয়েছে, বাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি এখনো মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে আছে।
আয়োজকরা জানান, ২০ সেপ্টেম্বর, রবিবার বিকেল ৩টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামের (পুরাতন) মাঠে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ফাইনাল খেলা উপভোগ করতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের মানুষকে মাঠে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন