মোঃ খাইরুল ইসলামগাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেওয়াইর বাজার এলাকায় ধর্মীয় ও লোকজ ঐতিহ্যের আবহে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী পাগল নাথের মেলা ও ঐতিহ্যবাহী নৌকা বাইচ। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে সকাল থেকেই পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নৌকা বাইচ দেখতে দূর-দূরান্ত থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে।
মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী নৌকা বাইচ। নদীর বুকে সারিবদ্ধভাবে ছুটে চলা বাহারি সাজের নৌকা এবং মাঝিদের ছন্দময় বৈঠার আঘাতে মুহূর্তেই প্রাণচঞ্চল হয়ে ওঠে নদীর চারপাশ। নদীর দুই পাড়ে জড়ো হন বিপুলসংখ্যক দর্শনার্থী। ঢাক-ঢোল, করতালি ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নৌকা বাইচে অংশ নেওয়া প্রতিটি নৌকাই ছিল নানা রঙ ও নকশায় সজ্জিত। মাঝিদের সমন্বিত বৈঠার তালে তালে নৌকা যখন পানির বুক চিরে দ্রুতগতিতে এগিয়ে যায়, তখন দর্শকদের মধ্যে দেখা দেয় ব্যাপক উচ্ছ্বাস। প্রতিযোগিতাকে ঘিরে তৈরি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
এদিকে মেলা প্রাঙ্গণে বসে বিভিন্ন ধরনের দোকানপাট। লোকজ পণ্য, খাবার ও শিশুদের বিনোদনের নানা আয়োজনের পাশাপাশি ছিল বিভিন্ন সামগ্রীর পসরা। স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও বিপুলসংখ্যক মানুষ মেলায় এসে অংশ নেন। স্থানীয়রা জানান, শ্রী শ্রী পাগল নাথের মেলা ও নৌকা বাইচ শুধু বিনোদনের আয়োজন নয়; এটি গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের মিলনমেলারও একটি প্রাণবন্ত অংশ। নিয়মিত এমন আয়োজন করা হলে নতুন প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসা নৌকা বাইচের ঐতিহ্য তুলে ধরা সম্ভব হবে।
দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ঐতিহ্যবাহী নৌকা বাইচ, মেলা ও লোকজ সংস্কৃতির এই আয়োজন গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য, সম্প্রীতি ও আনন্দের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন