মোঃ বুলবুল ইসলামকুড়িগ্রাম,
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে গড়ে তোলা এবং শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে হলোখানা ইউনিয়নের সুভারকুটি গ্রামে কুড়িগ্রাম এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ও সহযোগিতায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুভারকুটি গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা, স্যানিটেশন ব্যবস্থার অগ্রগতি পর্যালোচনা এবং এ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলজার হোসেন, নুরনবী হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনাজ ইয়াসমিন। এ ছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এডিপির প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন, ফেসিলিটেটর, ভিডিএস, ওয়াটসন ও ইকোভিলেজ কমিটির সদস্য, শিশুফোরাম, আরমি ও নল আরসি পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রায় ২০০ জন উপকারভোগী অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা পরিবেশবান্ধব গ্রামের পরিবেশ ও স্যানিটেশন ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, পরিবেশবান্ধব গ্রাম গড়ে তুলতে শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের উদ্যোগই যথেষ্ট নয়। পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই গ্রাম গড়ে তুলতে স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাঁরা এ কার্যক্রমে সবাইকে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ওই গ্রামে ৮৩ সেট টিউবওয়েল বিতরণ করেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন