শহিদুল ইসলাম,
গাম্বিয়ার ন্যাশনাল পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার সিডি এস.কে. এনজি এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন লন্ডন বারা অব নিউহ্যামের টানা তিনবারের সাবেক ডেপুটি স্পিকার এবং ইক্বরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) গাম্বিয়ার পার্লামেন্টে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ে পার্লামেন্টে পৌঁছালে ভারপ্রাপ্ত স্পিকার সিডি এস.কে. এনজি এমপি ব্যারিস্টার নাজির আহমদকে স্বাগত জানান। এ সময় গাম্বিয়ায় ইক্বরা ইন্টারন্যাশনালের বহুমুখী দাতব্য কার্যক্রমের প্রশংসা করেন ভারপ্রাপ্ত স্পিকার। পাশাপাশি সংগঠনটির কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
মতবিনিময়কালে ব্যারিস্টার নাজির আহমদ গাম্বিয়াসহ আফ্রিকার অন্যান্য দেশেও ইক্বরা ইন্টারন্যাশনালের দাতব্য কার্যক্রম আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। এ সময় রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সরকারের চালানো গণহত্যার প্রসঙ্গ তুলে ব্যারিস্টার নাজির আহমদ বলেন, বিশ্ব যখন এ নির্মমতার বিরুদ্ধে অনেকটা নীরব ছিল, তখন গাম্বিয়া সরকার মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ঐতিহাসিক ও সাহসী ভূমিকা পালন করেছে। এ জন্য তিনি গাম্বিয়ার জনগণ ও সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পরে ইক্বরা ইন্টারন্যাশনাল গাম্বিয়া টিমের প্রধান ও পার্লামেন্ট সদস্য মদৌ লামি বি. বাহ এমপি ব্যারিস্টার নাজির আহমদকে পার্লামেন্ট ভবনের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান। এরপর ভারপ্রাপ্ত স্পিকারের আমন্ত্রণে তিনি পার্লামেন্টের অধিবেশন পর্যবেক্ষণ করেন। অধিবেশনের শুরুতে ভারপ্রাপ্ত স্পিকার সিডি এস.কে. এনজি এমপি ব্যারিস্টার নাজির আহমদকে অতিথি হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলেন, We have an important guest from London Barrister Nazir Ahmed with us who will be observing our session today।
এর বাংলা অর্থ, লন্ডন থেকে আগত ব্যারিস্টার নাজির আহমদ আমাদের মাঝে একজন গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত আছেন; তিনি আজকের অধিবেশন পর্যবেক্ষণ করবেন। উল্লেখ্য, গাম্বিয়ার বর্তমান স্পিকার ফাবাকারি তোমবং জাতা এমপি রাষ্ট্রীয় কাজে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় ডেপুটি স্পিকার সিডি এস.কে. এনজি বর্তমানে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন