আলমগীর মানিক, রাঙামাটি
রাঙামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ১৮ জনের মধ্যে ১১ জনকে মাদক কারবারি এবং ৭ জনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক কারবারির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আবদুর রহমান, নুর নবী, মানিক উদ্দীন, সৌরভ, কাঞ্চন মজুমদার, রঞ্জিত বড়ুয়া, আল আমিন ব্যাপারি, মিজান, ইয়াছিন, নুর মোহাম্মদ ও মামুন। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে পূর্ণ প্রিয় চাকমা, লিটন চাকমা, অদিব ত্রিপুরা, মংকিউ রোয়াজা, দয়াল মনি চাকমা, মোহাম্মদ সাগর ও মো. আরিফকে গ্রেপ্তার করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সোমবার দিবাগত মধ্যরাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে কয়েকজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদেরও বিধি অনুযায়ী আদালতে পাঠানো হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন