মকবুল হোসেন, ময়মনসিংহ,
ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা সুইমিং কমপ্লেক্সে এ প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, মাদক, কিশোর অপরাধ, প্রযুক্তির আসক্তি ও সামাজিক অবক্ষয়ের ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, মাঠে যে তরুণ ঘাম ঝরায়, সে সহজে অপরাধের অন্ধকারে পা বাড়ায় না। তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে খেলাধুলাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশেও খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, মনোযোগ, নেতৃত্বগুণ ও মানসিক দৃঢ়তা বাড়াতে সহায়তা করে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ আরও বিস্তৃত করতে হবে।
সাঁতারের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, নদীমাতৃক বাংলাদেশে সাঁতার শুধু একটি খেলা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা। সাঁতার আত্মরক্ষার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাসও তৈরি করে। তাই প্রতিটি শিশুর সাঁতার শেখার সুযোগ থাকা উচিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. আল-আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ময়মনসিংহ জেলার সম্পাদক মোছিনা খাতুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. শাহ মাসুম।
প্রতিযোগিতাকে ঘিরে দিনব্যাপী জেলা সুইমিং কমপ্লেক্সে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়, অভিভাবক, কোচ, ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন