শাহীন সুলতানাকুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার ষোলরশি ও বড় ছয়সূতী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি হলেন ভৈরব থেকে আসা সিএনজির যাত্রী মো. সজিব মিয়া (৩৫)। এ ঘটনায় সিএনজিচালক মো. জিলানী মিয়া (৩৪) পালিয়ে যেতে সক্ষম হন। তার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক সজিব মিয়াকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানে থাকা কুলিয়ারচর থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ভৈরব থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বিপুল পরিমাণ গাঁজা ময়মনসিংহে পাচার করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ উপজেলার ষোলরশি কবরস্থানসংলগ্ন সড়কে অবস্থান নেয়।
সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে সন্দেহভাজন সিএনজিটিকে থামানোর সংকেত দেওয়া হলে চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত বড় ছয়সূতীর দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করলে বড় ছয়সূতী এলাকার আরব আলী চক বাজারে সিএনজিটি ফেলে চালক ও এক যাত্রী পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় জনতার সহযোগিতায় সজিব মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হলেও চালক জিলানী মিয়া পালিয়ে যান।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে সিএনজিটির পেছনের অংশ তল্লাশি করে আটটি পুটলায় রাখা মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত কিশোরগঞ্জ-থ ১১-০৫১৪ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক সিএনজিচালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।