ঠাকুরগাঁও প্রতিনিধি: নয়ন হোসেন
পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) হরিপুর ইসলামীক ফাউন্ডেশনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রিয়েক্ট-ইন প্রকল্পের সহযোগিতায় এবং সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ)-এর প্রয়াস প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় ইউনিয়নভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় জনগণের চাহিদা, সমস্যা ও প্রয়োজন চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। এ সময় কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সমস্যা, সেবার মানোন্নয়ন এবং স্থানীয় জনগণের প্রত্যাশা নিয়েও আলোচনা হয়। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে স্থানীয় পর্যায়ের সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।
সভায় প্রধান অতিথি ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. শামীমুজ্জামান এবং ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, এইচএ, এএইচআইসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
বক্তারা বলেন, স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে প্রকৃত সমস্যা চিহ্নিত করে প্রয়োজনভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে। বিশেষ করে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন