মামুন হোসেন খানচাঁপাইনবাবগঞ্জ,
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা ৪৪ বোতল ভারতীয় মদের আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা এবং ২৮ বোতল ফেন্সিডিলের মূল্য প্রায় ১১ হাজার ২০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭৭ হাজার ২০০ টাকা।
জব্দ করা মদ ও ফেন্সিডিল শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। এদিকে, চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে ভারতীয় ১৮৮ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ২৮ বোতল ফেন্সিডিল ও ৬৫ বোতল মদ জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন