মোঃ আলমগীর মানিক, রাঙামাটি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা এবং কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ‘কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬’ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি সদর জোনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. জুলফিকার রহমান, পিএসসি।
প্রশিক্ষণে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করছেন। এতে কম্পিউটারের মৌলিক ব্যবহার, প্রয়োজনীয় সফটওয়্যার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, তথ্য অনুসন্ধানসহ দৈনন্দিন জীবনে প্রযুক্তির কার্যকর প্রয়োগ বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উদ্বোধনী বক্তব্যে ভারপ্রাপ্ত জোন কমান্ডার বলেন, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ একটি অঞ্চলের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। তথ্যপ্রযুক্তিতে তরুণদের দক্ষ করে গড়ে তুললে তাদের আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
তিনি আরও বলেন, পাহাড়ি ও বাঙালি তরুণদের একই প্রশিক্ষণে সম্পৃক্ত করার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের তরুণদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় সম্পৃক্ত করার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং আর্থ-সামাজিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন