সাইফ উল্লাহ, নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বৃটিশবিরোধী আন্দোলনের নেতা, সাংবাদিক ও চিরকুমার ফজলুল হক সেলবর্ষীর স্মরণে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেলবর্ষ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেলবর্ষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী। ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জি এম মনতাজুর রহমান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সদস্য কামরুজ্জামান কামরুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ নেতা আব্দুল মোতালিব খান, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, সহকারী পুলিশ সুপার মো. এস এম ফজলে রাব্বী রাজিব, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় ধর্মপাশা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে বাদশাগঞ্জ একাদশ ও ধর্মপাশা ফুটবল একাদশ অংশ নেয়। খেলাটি উপভোগ করতে স্থানীয় বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন