আব্দুল হামিদ রানা (বিডি কিং)বিশ্বনাথ (সিলেট)
সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয় করে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলায়ও এ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আবদুল হাই, সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কর্মসূচির আওতায় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন