নয়ন হোসেন,ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। তবে এসব মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন মশালগাঁও বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৯/৭-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ বালিহারা এলাকায় মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন রাত ৯টা ৪০ মিনিটে চান্দরিয়া বিওপির সদস্যরা পৃথক অভিযান চালান। অভিযানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩৭/৪-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দরিয়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
উদ্ধার করা মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ২৫ হাজার ৮০০ টাকা। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন