গোকুল চন্দ্র রায়,
বীরগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার বার্তার উপজেলা প্রতিনিধি আবদুল জলিল নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সৈনিল ক্লাব ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের মোট ১৫ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে উত্তম শর্মা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আবদুল জলিল ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মাহাবুর রহমান আঙ্গুর পান ৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল্লাহ সাইফ ও জাহিদুল ইসলাম হাসান উভয়েই ৭ ভোট করে পেয়েছেন। অপরদিকে কোষাধ্যক্ষ পদে রেজাউল ইসলাম ৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হক পান ৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে একটি ভোট বাতিল হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের কার্যকরী সদস্য মমিনুর রশিদ (শাহীন), পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিনুল বাহার এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু।
নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় প্রার্থী ও ভোটাররা সন্তোষ প্রকাশ করেন।
নবনির্বাচিত সভাপতি উত্তম শর্মা, সাধারণ সম্পাদক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ সাইফ এবং কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম প্রেসক্লাবের সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং বীরগঞ্জ মডেল প্রেসক্লাবকে আরও কার্যকর, গতিশীল ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন