এনামুল হকউল্লাপাড়া (সিরাজগঞ্জ)
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। হারিয়ে যেতে বসা এই লোকজ খেলাকে ঘিরে গয়হাটা বাজারে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার গয়হাটা বাজার চত্বরে দিনব্যাপী এ লাঠিখেলার আয়োজন করা হয়। গয়হাটা বাজার কমিটির উদ্যোগে আয়োজিত খেলাটি দেখতে সকাল থেকেই স্থানীয় বাসিন্দাসহ আশপাশের বিভিন্ন এলাকার দর্শনার্থীদের ভিড় জমে।
আয়োজক কমিটির সদস্য আশিকুর রহমান জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ লাঠিখেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে আলহাজ মো. রওশন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলাউদ্দিন আল আজাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক পূর্ণিমাগাঁতী ইউনিয়ন জামায়াতের সভাপতি হাবিবুর রহমান, মাওলানা মো. সাজেদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, আব্দুল লতিফ, মো. হাসেন ফকির, মো. পান্না মিয়া, মো. বুদ্ধু প্রামাণিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে গয়হাটা বাজার ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। লাঠিয়ালদের নৈপুণ্য ও কসরত দেখে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় গ্রামবাংলার এক মিলনমেলায়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন