নয়ন হোসেনঠাকুরগাঁও,
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক দুটি বিশেষ অভিযানে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ইয়াবা ট্যাবলেট ও বাইসাইকেল এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে এসব অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২টা ৩০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপির একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৭/২-আর থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেতুড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২টি বাইসাইকেল উদ্ধার করা হয়।
অপরদিকে, ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১টা ১৫ মিনিটে একই ব্যাটালিয়নের অধীনস্থ বাশালগাঁও বিওপির সদস্যরা ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৫২/২-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তোররা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় ‘PETER CAT’ মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে ও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন