সুমন, মাগুরা:
মাগুরার মহম্মদপুর উপজেলার চর ছাতিয়ানী মৌজার জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী ফরিদপুর জেলার লংকারচর গ্রামের একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, দখলচেষ্টা বন্ধ ও প্রয়োজনীয় প্রতিকার চেয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী জমির মালিকরা।
অভিযোগ সূত্রে জানা যায়, চর ছাতিয়ানী মৌজার স্থানীয় জমির মালিকরা দীর্ঘদিন ধরে তাদের নিজ নিজ জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তবে সম্প্রতি লংকারচর গ্রামের কয়েকজন ব্যক্তি ওই জমির ওপর দাবি তুলে জোরপূর্বক দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
ভুক্তভোগী জমির মালিকরা জানান, তাদের বৈধ মালিকানাধীন জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে দখলের চেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের কাছে তারা দ্রুত সরেজমিন তদন্ত, জমির সীমানা নির্ধারণ, প্রয়োজনীয় দলিলপত্র যাচাই এবং প্রকৃত মালিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। স্থানীয়রা বলেন, জমি নিয়ে বিরোধ যেন কোনো ধরনের সংঘর্ষে রূপ না নেয়, সেজন্য প্রশাসনের দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। তারা আশা করছেন, অভিযোগটি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মহম্মদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন