নয়ন হোসেন,ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অনুষ্ঠিত ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় একাধিক ইভেন্টে সাফল্য অর্জন করেছে তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয়। বিভিন্ন খেলায় কৃতিত্বের স্বাক্ষর রেখে বিদ্যালয়টি নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।
সম্প্রতি অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শামসুল হক, সহকারী শিক্ষক মুঝাইদুর ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা।
প্রতিযোগিতায় তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কাবাডি, হ্যান্ডবল, দাবা ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।
বিদ্যালয়ের অর্জনের মধ্যে বালক কাবাডিতে প্রথম স্থান, বালিকা হ্যান্ডবল ও কাবাডিতে রানার্সআপ এবং বড় বালিকা দাবায় প্রথম স্থান উল্লেখযোগ্য। এছাড়া মধ্যম বালিকা ও বড় বালক দাবায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সাঁতারেও রয়েছে বিদ্যালয়টির শিক্ষার্থীদের ব্যাপক সাফল্য। বড় বালকের মুক্ত ও চিৎ সাঁতারে দ্বিতীয় স্থান, মধ্যম বালকের চিৎ সাঁতারে দ্বিতীয় স্থান এবং বড় বালকের ৪×১০০ মিটার মিডলে রিলেতে প্রথম স্থান অর্জিত হয়েছে।
এছাড়া বড় বালিকার বুক সাঁতারে দ্বিতীয় এবং প্রজাপতি সাঁতারে প্রথম স্থান অর্জন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মধ্যম বালিকার প্রজাপতি সাঁতার ও ৪×১০০ মিটার মিডলে রিলেতেও প্রথম স্থান অর্জন করে তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন ধারাবাহিক সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণের সুযোগ ও উৎসাহ দেওয়ার কারণেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয়ের এই সাফল্য হরিপুর উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এই অর্জন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন