নয়ন হোসেনঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ এবং দিনাজপুরের বিরল সীমান্তে পৃথক পাঁচটি বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ভারতীয় মদ উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে। এছাড়া একটি মোটরসাইকেল, মোবাইল ফোন, সিমকার্ড ও ব্লুটুথ ইয়ারবাডও জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৬ সেপ্টেম্বর রাতে হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে এবং ৭ সেপ্টেম্বর ভোরে দিনাজপুরের বিরল সীমান্তে এসব অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে গত ৬ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটে গোবিন্দপুর বিওপির একটি টহল দল হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বোটডাঙ্গী ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মো. শামীম আকতার (২৬) নামে এক যুবককে আটক করা হয়। তিনি রাণীশংকৈল উপজেলার রসুলপুর গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে। তার কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও একটি ব্লুটুথ ইয়ারবাড উদ্ধার করা হয়।
আটক শামীম আকতারকে উদ্ধার করা মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য মালামালসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, একই দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চাপসার বিওপির টহল দল হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৭/৬-এস থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাতুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। রাত ৮টা ২০ মিনিটে চান্দুরিয়া বিওপির সদস্যরা পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩৭/৪-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চান্দুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।
এছাড়া রাত ৮টা ৫৫ মিনিটে দানাজপুর বিওপির টহল দল পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৪০/৩-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পরদিন ৭ সেপ্টেম্বর ভোর ৪টা ৪৫ মিনিটে এনায়েতপুর বিওপির সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২২/৩-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কইকুরি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। বিজিবি সূত্রে আরও জানা যায়, উদ্ধার করা মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার ৩০০ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন