সাইফ উল্লাহ,
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর ত্রৈমাসিক ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ হলরুমে পিস ফ্যাসিলেটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
পিস অ্যাম্বাসেডর আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে সভায় সমন্বয়কারী ফুলমালা ও ইয়পিএজির সামছুল কবির যৌথভাবে সঞ্চালনা করেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।
সভায় পিএফজির স্ব-মূল্যায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল, মুক্ত ও মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে পিএফজি কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহাবস্থান নিশ্চিত করা, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির বিকাশ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা সমাধানে সংগঠনটি ভূমিকা রাখছে।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে পিএফজি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সভায় জানানো হয়, জানুয়ারির পর থেকে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এ প্রকল্পটি আর চলমান থাকবে না। তবে দীর্ঘদিন ধরে পিএফজির সঙ্গে সম্পৃক্ত সদস্যরা সংগঠনের কার্যক্রম নিজেদের উদ্যোগে সচল রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পিএফজির স্ব-মূল্যায়ন পর্বে প্রতিটি প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রমাণাদি উপস্থাপনের মাধ্যমে সদস্যরা নিজেদের মূল্যায়ন ও নম্বর প্রদান করেন। সভায় বক্তব্য দেন পিএফজি সদস্য ও পিস অ্যাম্বাসেডর মোর্শেদ মিয়া, সিরাজ খন্দকার, স্বপ্না আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফুল মিয়া, মিজানুর রহমান, নাছির উদ্দিন, আজিজা খাতুন, মিনহাজ পারভিন, আব্দুস সামাদ, হুসাইন আহমদ, গোলাপ মিয়া, সংগিতা হাজং, ঊর্মিলা হিজরা, মাওলানা মাওফিকুল ইসলাম, রাবিয়া, সুফিয়া বেগমসহ ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের আসমা আক্তার, তাইবা আক্তার, তোহা, সুইটি দে, জুবায়ের আহমদ, তারেক মিয়াসহ আরও অনেকে। সভায় পিএফজির কার্যক্রম অব্যাহত রাখা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন