মাসুদ সরকারধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে ড্রেনের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের প্রধান গেটের সামনে ড্রেনের পানিতে নবজাতকের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ধামইরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চালায়। তবে ড্রেনের পানিতে মরদেহের অবস্থান পরিবর্তন হওয়ায় তাদের উদ্ধার অভিযান ব্যর্থ হয়।
পরে ধামইরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী সজল কুমারের নেতৃত্বে পরিচ্ছন্নতাকর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। তাদের প্রচেষ্টায় হাসপাতালের সামনের মতিবুল ফার্মেসির নিচের ড্রেন থেকে নবজাতক শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নবজাতকটির পরিচয় ও কীভাবে মরদেহটি ড্রেনে এলো, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন