হেলেনা আক্তার (মিম)কালিয়াকৈর (গাজীপুর)
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ স্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি সাজোয়া যানের ব্রেক ফেল করে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি প্রাইভেটকার ও চারটি ব্যাটারিচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এক ইজিবাইকচালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দ্রা পল্লীবিদ্যুৎ স্ট্যান্ড এলাকায় চলাচলের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সাজোয়া যানটির ব্রেক ফেল করলে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একটি প্রাইভেটকার ও চারটি ব্যাটারিচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় আহত এক ইজিবাইকচালককে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন।
দুর্ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিক ও চালকদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন। ক্ষতিগ্রস্ত চারটি ইজিবাইক ওয়ার্কশপে নিয়ে মেরামতের ব্যবস্থা করা হয়। এসব যানবাহন মেরামতের যাবতীয় খরচ সেনাবাহিনীর পক্ষ থেকে বহন করা হবে বলে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করা হয়।
এছাড়া দুর্ঘটনায় তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটির মালিকের সঙ্গেও কথা বলেন সেনাবাহিনীর সদস্যরা। গাড়িটির মেরামতের প্রয়োজনীয় ব্যয়ও সেনাবাহিনীর পক্ষ থেকে বহন করা হবে বলে তাকে আশ্বস্ত করা হয়।
দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা এবং ক্ষয়ক্ষতি পূরণের উদ্যোগ নেওয়ায় স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সেনাবাহিনীর এমন সহযোগিতামূলক ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন