মোঃ মাসুদ সরকারধামইরহাট (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০টায় কেক কাটার আয়োজন করা হয়।
এরপর দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাকবাংলো হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম নায়েব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তরিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, জাহাঙ্গীর আলম লিটনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন সৎ ও ত্যাগী নেত্রী। তাঁর আদর্শকে সামনে রেখে বিএনপি এগিয়ে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, দলের প্রতিষ্ঠার আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন