বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে দুইটি স্বর্ণের বারসহ মোবারক হোসেন (৩৮) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ২০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।
বুধবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সহযোগিতায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের বহির্গমন টার্মিনালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মোবারক হোসেন মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার চর শান্তসপুর (পঞ্চসার) এলাকার তাজউদ্দীনের ছেলে। তার পাসপোর্ট নম্বর A09326789।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীর গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছিল। বহির্গমন টার্মিনালে তার আচরণ সন্দেহজনক মনে হলে কাস্টমস গোয়েন্দা সদস্যরা এনএসআইয়ের সহযোগিতায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। পরে তার প্যান্টের পকেট তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, যাত্রীর শরীরের ভেতরে, বিশেষ করে পায়ুপথে, অতিরিক্ত স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছে কি না তা নিশ্চিত হতে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্স-রে পরীক্ষা করা হয়। পরীক্ষায় অতিরিক্ত কোনো স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়নি।
কাস্টমস সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক মোবারক হোসেনের বিরুদ্ধে প্রচলিত স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। তবে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আধুনিক স্বর্ণ শনাক্তকরণ প্রযুক্তির সীমাবদ্ধতার সুযোগ নিয়ে পাচারকারীরা বিভিন্ন কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা করছে। এ কারণে কার্যকরভাবে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে আধুনিক স্ক্যানিং ও স্বর্ণ শনাক্তকরণ ব্যবস্থা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।