মোহাম্মদ তোফাজ্জল হোসেন,
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তাদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। সভাপতির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, “কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও বিদ্রোহের কবি। তাঁর কবিতা, গান ও সাহিত্যচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করা সম্ভব। নজরুলের সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত আবহ।আয়োজকরা জানান, নজরুলের আদর্শ, সাহিত্য ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় পোরশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতা পোরশার সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন