শফিকুল ইসলাম সুমন, মাগুরা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মকাণ্ড নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষে মাগুরায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় জেলা অডিটোরিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দীন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মাগুরা পৌর বিএনপির সভাপতি মো. কিজিল খান, জাসাসের জেলা সভাপতি অ্যাডভোকেট মিহির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মো. সাইদুর রহমান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম মাগুরা জেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে মাগুরা জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও নৃত্য পরিবেশন করেন। পরে কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিশীল কর্মকাণ্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশেও এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন