মোঃ হাফিজুল ইসলাম শান্ত
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১১ নম্বর চরকাজল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ‘কেয়ার অ্যালার্ট ফেজ-২’ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকাল ১১টায় কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাগোনারী’র বাস্তবায়নে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জাগোনারীর কেয়ার অ্যালার্ট প্রকল্পের ব্যবস্থাপক আল-মামুন। তিনি বলেন, দুর্যোগের ঝুঁকি বাস্তবে রূপ নেওয়ার আগেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আগাম পদক্ষেপ গ্রহণে প্রস্তুত ও সক্ষম করে তোলাই ‘কেয়ার অ্যালার্ট’ প্রকল্পের মূল লক্ষ্য। আগাম সতর্কতা ও প্রস্তুতির মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে ঝুঁকিপূর্ণ মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, ‘কেয়ার অ্যালার্ট ফেজ-২’ প্রকল্পটি গলাচিপা উপজেলার চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নে বাস্তবায়ন করা হবে। চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় স্বেচ্ছাসেবক, এনজিও প্রতিনিধি, সমাজসেবক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, স্থানীয় পর্যায়ে সমন্বয় বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে উপস্থিত জনপ্রতিনিধি ও বিভিন্ন স্টেকহোল্ডার প্রকল্পটির সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পরে অংশগ্রহণকারীদের মাঝে একটি করে লেবু গাছের চারা বিতরণ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন