নয়ন হোসেন,ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মকে স্মরণ করে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আনন্দ র্যালি ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকাল ১০টায় হরিপুর উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে উদ্বোধনী সভার আয়োজন করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। আনন্দ র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) উজ্জ্বল বাইন, হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালি জাতির সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তাঁর অসাম্প্রদায়িক ও মানবতাবাদী দর্শন সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভা শেষে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা ও পরিকল্পনা করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন