মোস্তাক আহমেদ বাপ্পী
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক ও আলেমদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (NCP) নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। শনিবার (২৯ আগস্ট) মাদ্রাসার কার্যালয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে NCP নেতৃবৃন্দ জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম ও জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা মুবারাকুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মাদ্রাসার মুহাদ্দিস ও জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মারুফ কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন আফতাবী এবং কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল হাফিজের সঙ্গেও মতবিনিময় করেন তারা। NCP-এর পক্ষে সাক্ষাতে উপস্থিত ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং NCP-এর সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ আল মাহমুদ জিহানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠকে দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয়সহ পারস্পরিক সম্পর্ক, সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে আলোচনা হয়। আলোচনায় উভয় পক্ষের মধ্যে বিদ্যমান পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য, সম্প্রীতি ও মহব্বতের সম্পর্ক ভবিষ্যতেও অটুট রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়। নেতৃবৃন্দ বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ যোগাযোগের মাধ্যমে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করা সম্ভব। এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন