মোস্তাক আহমেদ বাপ্পী
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সাদেকপুর ইউনিয়নে বইছে উৎসবমুখর পরিবেশ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা, প্রচার-প্রচারণা ও জনসংযোগ। এরই মধ্যে সমাজসেবক আলহাজ্ব মোজাম্মেল হক অন্যতম আলোচিত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয়দের মধ্যে আলোচনায় উঠে এসেছেন।
দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয়দের কাছে তিনি পরিচিত মুখ। ইউনিয়নের বিভিন্ন সড়ক ও রাস্তাঘাট সংস্কারে সহযোগিতার পাশাপাশি স্থানীয় স্কুল-মাদ্রাসায় নিয়মিত অনুদান দিয়ে আসছেন বলে জানা গেছে।
এছাড়া দীর্ঘদিন অবহেলিত থাকা সাদেকপুর গ্রামের কবরস্থানের দেয়াল সংস্কার ও রঙকরণের উদ্যোগ নিয়েছেন আলহাজ্ব মোজাম্মেল হক। ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবরস্থানের দেয়ালে পবিত্র হাদিস, দোয়া ও কালাম লেখার ব্যবস্থাও করা হয়েছে। তাঁর এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসীর মতামত,কবরস্থান সংস্কার ও সেখানে দোয়া-কালাম লেখার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এলাকার উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর প্রতি এমন সহযোগিতা সমাজের জন্য গুরুত্বপূর্ণ।
স্থানীয় তরুণদের অনেকেই মনে করেন, কথার চেয়ে কাজে বিশ্বাসী নেতৃত্বই এলাকার উন্নয়নে বেশি ভূমিকা রাখতে পারে। তাদের ভাষ্য, মানুষের পাশে থেকে যারা দীর্ঘদিন কাজ করে আসছেন, নির্বাচনে তাদের প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরি হওয়া স্বাভাবিক।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সমাজসেবা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ভূমিকার কারণে আলহাজ্ব মোজাম্মেল হক ভোটারদের একটি অংশের কাছে ইতোমধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।
তবে নির্বাচনে তাঁর এই জনসম্পৃক্ততা ও ইতিবাচক ভাবমূর্তি কতটা প্রভাব ফেলবে, শেষ পর্যন্ত ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, সেটিই এখন দেখার বিষয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন