মোঃ আহসান হাবিব,আদমদীঘি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে দুটি বেকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৩০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সান্তাহার পৌর শহরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার একটি দল সান্তাহার পৌর শহরের সবুজ বেকারি ও নিউ আজাদ বেকারিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সবুজ বেকারিতে কালিযুক্ত কাগজে কেক তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, একই অভিযানে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে নিউ আজাদ বেকারির মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় আদমদীঘি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর কামাল হোসেন উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন