কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম তাঁর নির্বাচনী এলাকা ভৈরব ও কুলিয়ারচরে দিনব্যাপী সরকারি সফর করেছেন। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত পৃথক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমে অংশ নেন প্রতিমন্ত্রী।
সফরকালে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও শ্রবণ সহায়ক উপকরণ, দুস্থদের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও চারাগাছ, কৃষকদের মাঝে স্প্রে মেশিন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপকারভোগীদের মাঝে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সকাল ১০টার দিকে ভৈরব বাজার ফাঁড়ি থানা চত্বরে ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে পুরো বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
এ সময় দুর্বৃত্তদের হামলায় নিহত ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন সৈকতের পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। এ সময় প্রতিমন্ত্রী পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, হত্যাকাণ্ডে প্রকৃত জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
পরে বেলা ১১টার দিকে ভৈরব উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হুইলচেয়ার, সেলাই মেশিন, স্কুলব্যাগ, চারাগাছ ও স্প্রে মেশিনসহ বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেন তিনি। একই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপকারভোগীদের মাঝে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দুপুরে ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কে. এম. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু মুসা শেখ, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতে এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মোহাম্মদ জাহিদুল হক জাবেদসহ জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, উপকারভোগী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এরপর বিকেল ৪টার দিকে কুলিয়ারচর পৌরসভা কার্যালয়ে পৌরসভার উদ্যোগে কুলিয়ারচর বাজার ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বিকেল সাড়ে ৪টার দিকে তিনি কুলিয়ারচর মৎস্যবাজার জামে মসজিদ এবং বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান প্রতিষ্ঠানটি সরকারিকরণের দাবি জানান।
পরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও শ্রবণ সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী।
দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল সাড়ে ৫টার দিকে কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস)উপসচিব মো. শাহাদত হোসেন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান
আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, কুলিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ মুসাব্বির হোসেন, কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলু হক, কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, মো. রফিকুল ইসলাম আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানাসহ স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুলিয়ারচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহজাহান সিরাজ।
দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে ভৈরব ও কুলিয়ারচরে শিক্ষা, নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন