শাহীন সুলতানা,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় শহীদ ইফতি আব্দুল্লাহর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন ও কুলিয়ারচর থানা পুলিশ।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার সালুয়া গ্রামে শহীদ ইফতি আব্দুল্লাহর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কুলিয়ারচর থানা পুলিশের কর্মকর্তারা পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করেন।
পরে শহীদ ইফতি আব্দুল্লাহর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কুলিয়ারচর থানা পুলিশের সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের ত্যাগের আদর্শ ও চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হবে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
অনুষ্ঠান শেষে শহীদ ইফতি আব্দুল্লাহসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয় এবং শহীদদের আত্মত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, শহীদদের স্মরণে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকলে তাঁদের আত্মত্যাগের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে আরও সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।