মোঃ আজিজুল হাকিমপার্বতীপুর (দিনাজপুর) উপজেলা প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে একটি ভাঙারি গোডাউনে অভিযান চালিয়ে ১১৪ কেজি বৈদ্যুতিক তারসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করেছে রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চোরাই মালামাল চুরি ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলায় একটি চীনা প্রতিষ্ঠানের প্রায় এক কিলোমিটার বৈদ্যুতিক তার চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত করতে গিয়ে একটি চোরাই চক্রের সন্ধান পায় রংপুর ডিবি পুলিশ। পরে অভিযান চালিয়ে মোখলেছার, জামাল ও হৃদয় নামে তিন যুবককে আটক করা হয়।
আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পার্বতীপুর শহরের ‘মেঘনা ট্রেডার্স’ নামের একটি ভাঙারি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় গোডাউন তল্লাশি করে ১১৪ কেজি বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। অভিযান চলাকালে আটক তিনজনের মধ্যে হৃদয় কৌশলে পালিয়ে যায়। তবে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। রংপুর ডিবির পরিদর্শক তাজেদার আলম ফারুকী জানান, চুরি ও চোরাই মালামাল কেনাবেচার অভিযোগে আটক তিন যুবক এবং গোডাউনের মালিক মাসুদ পারভেজ ওরফে ‘ভাঙারি মাসুদ’-এর বিরুদ্ধে বদরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে ওই গোডাউনে আরও অবৈধ মালামাল মজুত থাকার তথ্য পাওয়া গেছে। গোডাউনটি সিলগালা করার প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া চোরাই মালামালের প্রকৃত উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন