মোছা. পারভীন আক্তারনিজস্ব প্রতিবেদক
ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার হলেও জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের টেংরাকুড়া ও পশ্চিমপাড়াসহ আশপাশের গ্রামের বাসিন্দাদের জন্য ভোট দেওয়া যেন দীর্ঘদিনের এক দুর্ভোগের নাম। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, দীর্ঘ পথ পাড়ি দেওয়া এবং পর্যাপ্ত যাতায়াত সুবিধার অভাবে প্রতিটি নির্বাচনেই চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় ভোটাররা। বিশেষ করে নারী, প্রবীণ ও অসুস্থ ভোটারদের জন্য দূরের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়।
এই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী ভোটকেন্দ্র স্থাপনের জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে টেংরাকুড়াসহ আশপাশের সাত গ্রামের বাসিন্দাদের প্রায় ৬ কিলোমিটার পথ পায়ে হেঁটে ইসলামপুর থানা সদরসংলগ্ন চরদাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দিতে হতো। পরে প্রায় এক দশক আগে ভোটারদের দুর্ভোগ কমাতে কেন্দ্রটি বিভাজন করে প্রায় ২ কিলোমিটার দূরে তেঘুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভোটকেন্দ্র স্থাপন করা হয়।
বর্তমানে তেঘুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তেঘুরিয়া গ্রামের ৩৩৮ জন এবং টেংরাকুড়া ও পশ্চিমপাড়া গ্রামের ৭৭৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন। এলাকাবাসীর অভিযোগ, তেঘুরিয়া ভোটকেন্দ্রটি ওয়ার্ডের একেবারে শেষ সীমানায় অবস্থিত। ফলে টেংরাকুড়া ও পশ্চিমপাড়ার ভোটারদের সেখানে যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। বিশেষ করে দুর্গম রাস্তা ও যাতায়াতের নাজুক অবস্থার কারণে নারী, প্রবীণ ও অসুস্থ ভোটারদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
অন্যদিকে টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত দিক থেকে তুলনামূলকভাবে অনেক বেশি সুবিধাজনক বলে দাবি স্থানীয়দের। এ এলাকায় ভোটার সংখ্যাও উল্লেখযোগ্য। তাই বিদ্যালয়টিতে নতুন ভোটকেন্দ্র স্থাপন করা হলে কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে যাবে বলে মনে করছেন তারা।
স্থানীয় বাসিন্দা তানসেন মন্ডল বলেন, “ভোটকেন্দ্র অনেক দূরে হওয়ায় ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও দুর্গম পথের কারণে অনেকে কেন্দ্রে যেতে চান না। ভোটারদের দুর্ভোগ কমিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করতে আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত ভোটকেন্দ্র স্থাপন করা প্রয়োজন। অপর বাসিন্দা ছানোয়ার হোসেন বলেন, “আমাদের এলাকায় প্রায় ৮০০ ভোটার রয়েছে। দীর্ঘ পথ হেঁটে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া নারী ও বয়স্কদের জন্য অত্যন্ত কষ্টকর। টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপন করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।”
এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাফুজুর রহমান জানান, এলাকাটি ইতোমধ্যে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে জেলা কার্যালয়ে শুনানিও সম্পন্ন হয়েছে। জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এলাকাবাসীর দাবি, ভোটার সংখ্যা, ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা ও ভোটারদের সুবিধার বিষয়টি বিবেচনা করে তেঘুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত নতুন ভোটকেন্দ্র স্থাপন করা হোক। এতে নারী, প্রবীণ ও অসুস্থ ভোটারসহ সব শ্রেণির মানুষ সহজে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
দীর্ঘদিনের এই জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশাই করছেন টেংরাকুড়া, পশ্চিমপাড়া ও আশপাশের গ্রামের ভুক্তভোগী ভোটাররা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন