মোহাম্মদ হোসাইন,টেকনাফ ,কক্সবাজার:
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৫ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে ‘এফবি নিশান-২’ নামের একটি ফিশিং বোট ১৮ জন জেলেকে নিয়ে মাছ আহরণ শেষে তীরে ফেরার পথে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে বোটটি সাগরে ভাসতে থাকে এবং জেলেরা চরম বিপদের মুখে পড়েন।
পরে দুপুর ১টার দিকে বোটে থাকা এক জেলে মোবাইল ফোনে বিষয়টি মালিককে জানালে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান। খবর পেয়ে দ্রুত সমুদ্রে টহলরত বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
অভিযানে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়। পরবর্তীতে বোটসহ জেলেদের নিরাপদে তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রে কর্মরত জেলেদের জীবন রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জরুরি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।