মোস্তাক আহমেদ বাপ্পী
জনস্বাস্থ্য সুরক্ষা ও কলেরা সংক্রমণ প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় চলমান ওরাল কলেরা (মুখে খাওয়ার) টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
রোববার (২৩ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়। এদিন সর্বমোট ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাকে ওরাল কলেরার টিকা প্রদান করা হয়। টিকা প্রদান করা প্রতিষ্ঠানগুলো হলো, সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদেকপুর ইউনিয়ন হাই স্কুল, সাদেকপুর দাখিল মাদ্রাসা এবং আবুল কালাম আজাদ কিন্ডারগার্টেন।
কেন্দ্রগুলোতে টিকাদান কার্যক্রমের সার্বিক দায়িত্ব পালন করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক আইরিন চৌধুরী এবং স্বাস্থ্য সহকারী লাকী বেগম। স্থানীয় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় কর্মসূচিটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর উপজেলায় মোট ১০ লাখ ২৪ হাজার ৫০৯ জন মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচির প্রথম রাউন্ড ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এবং দ্বিতীয় রাউন্ড ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে। কলেরা সংক্রমণ ও সম্ভাব্য মহামারি থেকে সুরক্ষার লক্ষ্যে নির্ধারিত সময়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য বিভাগ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন