মোঃ আজিজুল হাকিমপার্বতীপুর,দিনাজপুর
দিনাজপুরের পার্বতীপুরে গ্রাহকদের ওপর জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন, অতিরিক্ত বিল ও বিভিন্ন ধরনের চার্জ আদায় এবং গ্রাহক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে পার্বতীপুর নাগরিক কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ ও বিদ্যুৎ গ্রাহক শহরের ঢাকা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন। পার্বতীপুর নাগরিক কমিটির আহ্বায়ক মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং সদস্য সচিব অলিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মাহফুজ হোসেন, পার্বতীপুর নাগরিক কমিটির সদস্য আমান উল্লা আমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের মতামত না নিয়ে বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। এতে রিচার্জ জটিলতা, ব্যালেন্স দ্রুত শেষ হয়ে যাওয়া, জরুরি ব্যালেন্স ব্যবহারের নিয়ম এবং বিভিন্ন কারিগরি সমস্যার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি বাড়ছে।
তারা আরও অভিযোগ করেন, প্রিপেইড মিটারের বিভিন্ন চার্জ ও অতিরিক্ত অর্থ আদায়ের কারণে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ আর্থিকভাবে চাপে পড়ছেন। এ অবস্থায় অবিলম্বে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, অযৌক্তিক চার্জ বাতিল এবং গ্রাহক হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। বক্তারা বলেন, দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন